click on images to know more about the Images

মেঘ -পাহাড়ের দূরত্ব

Author: লিচ্ছবি নিত্য

তুমি এক দূর পাহাড়, অচল আর স্তব্ধ 

আমি এক যাযাবর মেঘ, ডানাহীন নিঃশব্দ।

পাহাড়ে মেঘের ছোঁয়া লাগে ঠিকই ক্ষণিকের তরে 

কিন্তু কেউ কাউকে ধরে রাখি নি কোনো মায়াডোরে।

তোমায় জড়িয়ে ধরে নামেনি কোনো শ্রাবণ-ক্লান্তি 

দূরত্ব ভেঙে তীব্র ঘৃণাতেও খুঁজিনি কেউ শান্তি।

 

মেঘ যেমন পাহাড় ছুঁয়েও অনায়াসে যায় ভেসে 

তুমি ঠিক তেমনই উবে গেছো আমার শূন্যতার চাদর ঘেঁষে।পাহাড়ের বুকে মেঘ জমলে যেমন বাড়ে না কোনো দায়,

আমাদের মাঝের শূন্যতাও ঠিক তেমনই বয়ে যায়।

না আছে কোনো অধিকারের টান,না আছে হারানোর ভয়।তুমি এক দূরের পাহাড় মাত্র, যার সাথে কোনো আলাপ নয়।

 

পাহাড় ঘুরে মানুষ যেমন ফেরে নিজের ঘরে 

স্মৃতির মায়া কাটিয়ে আবার সমতলের স্তরে

আমারও ঠিক ফুরিয়েছে টান, ফুরিয়েছে সব গান,

সম্পর্ক শেষে তুমি আজ কেবলই এক নিখাদ অবসান।সেখানে নেই কোনো মান নেই কোনো ক্ষোভের লেশ

ভ্রমণ শেষের ক্লান্তির মতো, আমাদের গল্পও আজ শেষ।